
নিউজ ডেস্কঃ দুর্গাপূজা চলাকালীন ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ দাবি জানান। এই দাবির ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
সিএমপির পরামর্শ
পূজামণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক আসা-যাওয়ার পথ রাখা। করোনা সংক্রমণ মোকাবেলায় মণ্ডপের প্রবেশমুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা। মণ্ডপের চারদিকে বা উপরের অংশ উন্মুক্ত রাখা। মণ্ডপের ভেতরে একসঙ্গে ২০ জনের বেশি লোক অবস্থান না করা। মণ্ডপের প্রবেশমুখে ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। মণ্ডপসহ আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন এবং ভিডিও ফুটেজ সংরক্ষণ করা। জরুরি সেবাদানকারীদের ফোন ও মোবাইল নম্বর সংরক্ষণ করা এবং তা মণ্ডপের দৃশ্যমান স্থানে টাঙানো। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা। বিদ্যুতের ক্রটিপূর্ণ সংযোগ দ্রুত মেরামত করা। সার্বক্ষণিক একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা। পূজামণ্ডপে প্রয়োজনীয় ক্ষেত্রে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ইত্যাদি স্থাপন করা। অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা। যেমন ফায়ার এক্সটিংগুইসার, পানি, বালু ইত্যাদি মজুদ রাখা। মন্দির বা পূজামণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠান বা কার্যক্রম পরিচালনা করা। অহেতুক কোনো প্রকার থিম, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি না করা। পূজা কমিটি বা পূজামণ্ডপ নিয়ে কোন দ্বন্দ্ব থাকলে নিজেরা অথবা মহানগর পূজা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত মীমাংসা করা। আগত দর্শনার্থীদের অজ্ঞানপার্টি ও মলমপার্টি থেকে সতর্ক করা। নামাজ ও আজানের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখা। প্রতিমা পরিবহনে সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে সমন্বয় করা।