
নিউজ ডেস্কঃ পাবনার বেড়া উপজেলায় শিয়ালের কামড়ে শিশু, বৃদ্ধ, নারীসহ তিন গ্রামের ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ঘণ্টা দুয়েক সময় শিয়ালের দল তাণ্ডব চালিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করে বলে জানিয়েছেন আক্রান্তরা। পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে যায়। তবে, এ সময় একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলেন গ্রামবাসী। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৩টি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এ পর্যন্ত ৫ জন হাসপাতালে এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়েছেন। এলাকাবাসী, আক্রান্তদের পরিবার ও স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনার বেড়ার বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে এসে প্রথমে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০), লাল্টু (৫৫), ওয়াজেদ (৩০) নামে তিনজনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা তাড়া দিলে শিয়ালের দল ক্ষিপ্ত হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করে।