News71.com
 Bangladesh
 08 Sep 22, 09:38 PM
 190           
 0
 08 Sep 22, 09:38 PM

আন্দোলন দমাতে নয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে: আইনমন্ত্রী

আন্দোলন দমাতে নয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন দমন করতে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। বিভিন্ন মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে সরকার তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার সকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজার সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।

কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, তবে সরকার তাতে বাধা দেবে না। আন্দোলনের নামে যদি জ্বালাও-পোড়াও করে, তবে কঠোরভাবে তাদের দমন করা হবে। সে ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। যাঁদের গ্রেপ্তার করা হচ্ছে, তাঁদের নামে মামলা রয়েছে।

আইনমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে একটি করে অভিযোগ বাক্স বসানো হবে। কারও কোনো অভিযোগ থাকলে তাঁরা সে অভিযোগ ওই বাক্সে রাখবেন। পরে অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারক করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ, সাবেক সংসদ সদস্য এম এ মালেক, জেলা রেজিস্ট্রার শাবিকুন্নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র গোলাম কবির মোল্লা প্রমুখ।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন