
নিউজ ডেস্কঃ দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান সত্যতা নিশ্চিত করেছেন। এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মাসুম বিল্লাহ বাংলানিউজকে জানান, পরিবারের লোকজন ওনাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইসিজির পরে রাত ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ১৯৪৪ সালে তার জন্ম। পড়েছেন ইতিহাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর অর্থনীতি নিয়ে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে। পিএইচডিও করেছেন অর্থনীতিতেই। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য পাকিস্তানের সামরিক আদালতে তার ১৪ বছরের সশ্রম কারদণ্ড হয়েছিল।