
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও পুরুষ উভয়ের স্বার্থে লিঙ্গ সমতা আনা জরুরি, কেননা প্রাণবন্ত গণতন্ত্র, টেকসই ও সুষম উন্নয়নের পূর্বশর্ত লিঙ্গ সমতা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্পিকার উজবেকিস্তানের তাসখন্দে ‘পার্লামেন্টারি লিডারশিপ: এন্টিসিপেটিং রিস্কস টু বেটার ডেলিভার সাসটেইনেবিলিটি অ্যান্ড প্রসপারিটি’ থিমকে সামনে রেখে অনুষ্ঠিত ‘স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিট (14SWSP)’- এর দ্বিতীয় দিনে ‘উইথআউট জেন্ডার সেনসিটিভ পার্লামেন্ট জেন্ডার রেসপন্সিভ লজ ক্যান নট বি অ্যাডপটেড’ শীর্ষক সেশনে এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অর্ধেক জনসংখ্যার পর্যাপ্ত প্রতিনিধিত্ব ব্যতীত কোনো গণতন্ত্র সফল হতে পারে না। আইনসভায় পুরুষ ও নারী উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সকল আইন প্রণেতা এবং নন-জেন্ডার রেসপন্সিভ পার্লামেন্টকে অবশ্যই লিঙ্গ সমতাভিত্তিক আইন গ্রহণের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে জ্ঞানার্জন ও শিক্ষা গ্রহণ করতে হবে। লিঙ্গ সমতাভিত্তিক আইন নিশ্চিত করা সংসদ সদস্যগণের অন্যতম দায়িত্ব।