
নিউজ ডেস্কঃ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে থার্মোমিটারের পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়াল। তবে বৃষ্টিপাত বেড়ে এটি প্রশমিত হতে পারে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতও হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৬৭ মিলিমিটার। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নেত্রকোনা, শ্রীমঙ্গল ও সিলেট জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এক পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।