
নিউজ ডেস্কঃ একজন মানুষ প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন নেয়, যা অর্থের হিসাবে ৮০০ ডলার মূল্যের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য প্রত্যেকের পরিবশে সুন্দর রাখার ব্যবস্থা করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নটরডেম কলেজে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ আয়োজিত ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’ এই শ্লোগান নিয়ে নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ দূষণমুক্ত রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আমদের পরিবেশটাকে সুন্দর রাখা, দূষণমুক্ত করে তোলা- নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব এই বার্তাটিকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। প্রকৃতি, বন, পরিবেশ এই নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আমরা টের পাই না। আমরা এতো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছি যে সারা বিশ্বকে বহুবার ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জীবনের জন্য অত্যবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি।