
জেলা পরিষদে সাধারণ ভোটাররা ভোট দেন না। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই এখানে ভোটার। স্থানীয় সরকারব্যবস্থায় একচেটিয়া নিয়ন্ত্রণ ক্ষমতাসীন আওয়ামী লীগের। ফলে জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই জয় নিশ্চিত। এ পরিস্থিতিতে দেশের ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রায় ৫০০ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। প্রতিটি জেলা পরিষদের জন্য গড়ে আগ্রহী প্রার্থী আটজন।
শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ৬০টি জেলা পরিষদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সাতক্ষীরার প্রার্থিতা ঘোষণা করা হয়নি।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একই সভায় জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থীও চূড়ান্ত করা হয়। সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান।
তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি ৬১টি জেলা পরিষদের মেয়াদ গত ১৭ এপ্রিলে শেষ হয়। এরপর ২৭ এপ্রিল বিদায়ী চেয়ারম্যানদের নিজ নিজ জেলার পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গাইবান্ধায় উপনির্বাচন হবে ১২ অক্টোবর।
দলীয় সূত্র থেকে জানা গেছে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী চেয়ারম্যান, জেলা পর্যায়ের আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা জনপ্রতিনিধি নন, এমন নেতারাই দলীয় ফরম বেশি কিনেছেন।