পাপুয়া নিউগিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প।। আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউগিনিতে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। এ ঘটনায় ইউএসজিএস প্রথমে একটি সুনামির সতর্কতা জারির কথা বললেও পরে এই হুমকি কেটে গেছে বলে জানিয়েছে। এতে উপকূলীয় শহর মাদাং এবং শহরের ভেতরের ভবনগুলোর ক্ষতি হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় আঘাত হানে। এর উৎপত্তিস্থল কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে। এতে পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ও ভবনগুলোর ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী পোর্ট মোরেসবির ৩শ মাইল দূর পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’র ওপর অবস্থিত। ফলে এই দেশটি প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একটি সুনামি হয়েছিল। এতে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৭০ হাজারসহ সমগ্র অঞ্চলজুড়ে দুই লাখ ২০ হাজার মানুষ মারা যায়।