
নিউজ ডেস্কঃ নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস লোকাল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো যাত্রীর ক্ষয়-ক্ষতি হয়নি। তবে ট্রেনে অবস্থানরত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দুই ঘণ্টা ১০ মিনিট পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি আব্দুলপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোয়া বের হতে থাকে। পরে রেল কর্মীরা ট্রেনে থাকা গ্যাসের সাহায্যে ধোয়া নিয়ন্ত্রণে আনে। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন আনার জন্য বলা হয়। দুর্ঘটনার আশঙ্কায় ট্রেনটি আব্দুলপুর স্টেশনে অপেক্ষমান রাখা হয়েছিল। তবে এই সময়ে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।