
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থলভাগে উঠে এসেছে। বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে শক্তি হারাবে। ফলে আগামী পাঁচদিনে বৃষ্টিপাত কমবে। রোববার (১১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সিনপটিক অবস্থা পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি একই দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় ভারতের দক্ষিণ মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তাই সব সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। তাই সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ করতে বারণ করা হয়েছে। উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে।