
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে মোটরসাইকেলের ধাক্কায় গোলজার আলম (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান শেখ জানান, রোববার রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে দ্রুতগতির একটি মোটরসাইকেল রিকশাটিকে সামনের দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান রিকশাচালক। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেলচালক ইয়াসিন আরাফাত (১৮) সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার ড্রাইভিং লাইসেন্স নেই। এদিকে তার চাচাতো ভাই বিপ্লব হোসেন জানান, গোলজারের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার চকশ্রীপুর গ্রামে। এক ছেলে ও এক মেয়েসহ পরিবার গ্রামে থাকে। তার বাবার নাম আব্দুর রউফ। উত্তরা দিয়াবাড়ি এলাকায় থাকতেন গোলজার। রিকশাটি তার নিজের।