
নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণের বার ডাকাতি মামলায় এক পুলিশ সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীরের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস দল ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ডিএমপি এবং খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ৫১ ভরি ৬ রতি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়ের নগদ ১৫ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকরা হলেন- পুলিশ কনস্টেবল কামরুজ্জামান (৪২), শফিকুল ইসলাম ওরফে সুমন (৩৮), মো. রায়হান (৩২), উত্তম মজুমদার (৩৬), জাকির হোসেন (৩৮), শরীফ (৩৬), আনন্দ পাল (২৭) ও নাহিদা নাহার মেমী। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।