
নিউজ ডেস্কঃ টানা দুই দিনের বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন উপজেলার অন্তত শতাধিক গ্রাম। বাদ যায়নি বাগেরহাট, মোরেলগঞ্জ ও মোংলা পৌর শহরও। জলমগ্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। বাড়িতে রান্নাও বন্ধ রয়েছে অনেকের। রোববার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত অবিরাম বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে রোববার দুপুরের জোয়ারে সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। বনের করমজল, দুবলার চরসহ বিভিন্ন এলাকায় অন্তত দুই-তিন ফুট পানি বেড়েছে। এতে বন্য প্রাণীর ক্ষতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে এই পানিতে বনের কোনো প্রাণীর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিছেন সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ঠ নিম্ন চাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেলেরা নিরাপদে আশ্রয় নিয়েছে। কোন কোন ট্রলার রোববার রাতেই লোকালয়ে ফিরে এসেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলেরা।