
নিউজ ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতাদের কটুক্তি ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন।জনসমাবেশে ঝড়, বৃষ্টি উপেক্ষা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিলে জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত-বিএনপিকে উদ্দেশ্যে করে একরামুল করিম চৌধুরী বলেন, তারা শ্লোগান দেয় ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা বলি ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য সহ্য করা হবেনা বলে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধুকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছিলেন, শেখ হাসিনার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। বিএনপি জামায়াতকে ছাড় দেওয়া হবেনা।সুবর্ণচরের জনগণের উদ্দ্যেশ্যে একরামুল করিম চৌধুরী বলেন, যখন আওয়ামী লীগের দুর্দিন ছিল তখন আমি সুবর্ণচরে এসেছি। কেনো কিছু নেওয়ার জন্য আসি নাই। এখানে ৫৬ হাজার একর জমি ছিল। কেউ বলতে পারবেনা যে আমি ১ একর জমি দখল করেছি। এসব আমার স্বভাবে নেই। আমার স্বভাবে আছে মানুষের ভালবাসা ফেরত দেওয়া।
সভায় একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, ঝড়বৃষ্টি উপেক্ষা করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা একত্রিত হয়েছি। একটা শ্রেণি আছে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্বার্থ হাসিল করতে চায়। নির্বাচন ঘনিয়ে আসলে এ চক্রটি মাথাচাড়া দিয়ে উঠে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এই চক্রটিকে মোকাবিলা করতে হবে।জনসমাবেশের শুরুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এ সময় বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতার সম্মানে সবাইকে এক মিনিট নিরবতা পালন ও দোয়া কারার জন্য অনুরোধ জানান একরাম চৌধুরী।উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জাতীয় সংসদের সাবেক স্পীকার আব্দুল মালেক উকিলের কণিষ্ঠ পুত্র বাহাউদ্দিন খেলন, জেলা যুব লীগের আহবায়ক ইমন ভট্ট, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক সাইফুল্লা খসরু, উপজেলা ছাত্রলগীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আডভোকেট আবুল বাশার, চর ওয়াপরা ইউনিয়নর চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া, চর আমান উল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন প্রমুখ।প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতাদের কটুক্তির প্রতিবাদে গত ১০ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিশাল জনসমাবেশ করেন তিনি।