বিষখালীতে জোয়ার।।কাঁঠালিয়ার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান ও ২৭ গ্রাম প্লাবিত নিউজ ডেস্কঃ বিষখালী ও হলতা নদীর জোয়ারের পানি তিন-চার ফুট বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান, ২৭টি গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর প্লাবিত হয়েছে। ভেঙে গেছে কাঁঠালিয়া গ্রামের বিষখালী নদীর তীরবর্তী রাস্তা ও চিংড়াখালী খালের বাঁধ। গ্রামীণ কাঁচা-পাকা ১০টি রাস্তা দেবে গর্ত হয়ে সংযোগ বিচিছন্ন রয়েছে এসব গ্রামের। ফলে হাজার হাজার মানুষের দিন কাটছে চরম দুর্ভোগ ও আতঙ্কে। রোববার (১১ সেপ্টেম্বর) থেকে ভারি বৃষ্টি, বৈরী আবহাওয়ায় বিষখালী ও হলতা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ার এসেছে। জোয়ারের পানিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসাসহ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ২৭টি গ্রাম। জোয়ারের পানিতে উপজেলার আউড়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া আশ্রায়ণ প্রকল্পের শতাধিক ঘর পানিতে ভাসছে। দুই/তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে ঘর। উপজেলা পরিষদের সবগুলো অফিস ভবন, ইউএনওর বাসভবন, কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ, কাঁঠালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকল্যাণ কেন্দ্র, ছৈলার চর পর্যটন কেন্দ্র, কাঁঠালিয়া লঞ্চ ঘাট, সিকদার পাড়া, পশ্চিম আউরা জেলে পাড়া, আমুয়া হাসপাতাল ও আমুয়া বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, দুই/একদিনের মধ্যে পানি না কমলে রোপা আমন ধান পচে যেতে পারে।