নিউজ ডেস্কঃ রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে বন্ধ হয়ে গেছে সারাদেশের রেল যোগাযোগ।সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। রাজশাহী থেকে খবর পেয়ে ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন এরই মধ্যে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, রাজশাহীতে রেলওয়ে স্টেশন থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবন্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাবন্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে একদম পেছনের বগিটি লাইনচ্যুত হয়েছে। তিনি বলেন, এর আটটি চাকাই লাইন থেকে নিচে নেমে গেছে। তবে সব বগির পেছনে থাকায় ওই বগিটি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে। রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। তারপর এ রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।