
নিউজ ডেস্কঃ পরিবারের সদস্যদের না জানিয়ে ট্রেনের ছাদে চড়ে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম গিয়েছিল তিন কিশোর। একইভাবে চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে ফিরছিল তারা। তবে ফেরার পথে বাধে বিপত্তি। ট্রেনের ছাদে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের কাছে টাকা দাবি করে। টাকা না থাকায় দুর্বৃত্তদের দাবি পূরণ করতে পারেনি ওই কিশোররা। এতে ক্ষিপ্ত হয়ে একে একে তিনজনকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ বেঁচে যাওয়া দুই কিশোরের। এ ঘটনায় এক কিশোর নিহত হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জেলার লালমাই উপজেলার বাগমারা এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। এর আগে রোববার রাতে ওই দুই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তাদের ফেলে দেওয়া হয়। নিহত ওই কিশোরের নাম আবু সায়েম (১৭)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালি গ্রামের স্বপন মিয়ার ছেলে। আহতরা হলো- একই গ্রামের সাদ আহমেদ (১৩) ও পলাশ মিয়া (১৬)। হতাহতরা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।