
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কারো পক্ষেই প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা রূপরেখা-২০২১ এর অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কোচিং সেন্টার পরীক্ষার সময় কেন খোলা রাখা হয় এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার আগে সারা দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। আমরা চাই এ সময় অভিভাবকরা যেন তাদের সন্তানদের কোচিং সেন্টারে না পাঠান। শিক্ষার্থীরা না এলে কোচিং সেন্টার এমনিতেই বন্ধ থাকবে। এরপরও যদি কোনো কোচিং সেন্টার খোলা রাখা হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, নতুন কারিকুলামে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বছর শেষে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে।