
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে টানা দুই সপ্তাহ প্রখর রোদ থাকার পর ভারী বৃষ্টি শুরু হয়েছে। টানা দুই দিনের দফায় দফায় ভারী বৃষ্টির কারণে অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক ও দিন মজুররা। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ কেটে গেলে দুই/ তিন দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইলে দফায় দফায় বৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়েছে। ছাতা ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না। এ অবস্থায় অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হয়নি। মুশলধারে বৃষ্টির ফলে গ্রামেরর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনসহ বিভিন্ন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এছাড়াও শহরের প্রধান সড়কগুলোতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের পচা দুর্গন্ধযুক্ত পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে একাকার হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী, দুরিয়াবাড়ী, শহরের কাগমারা, আকুরটাকুরপাড়া, রেজিষ্ট্রিপাড়া, আদালতপাড়া, সাবালিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভারী বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বের হয়নি। অন্যান্য দিনের তুলনায় শহরে যানজট ছিল খুবই কম। গ্রাম অঞ্চলেও রোগি ও অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি।