News71.com
 Bangladesh
 13 Sep 22, 09:16 PM
 139           
 0
 13 Sep 22, 09:16 PM

গুলিস্তানে ‘রেড জোনে’ ফের উচ্ছেদ অভিযান।।

গুলিস্তানে ‘রেড জোনে’ ফের উচ্ছেদ অভিযান।।

 নিউজ ডেস্কঃ  সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের হাঁটার পথ দখলমুক্ত করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে নেতৃত্ব দিচ্ছেন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্স পর্যন্ত এ অভিযান চলবে।করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মুনিরুজ্জামান বলেন, এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। এর আগে রোববার রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্স পর্যন্ত অভিযান চালানো হয়। ওই দিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অভিযান চলে। সেদিন সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় ৯ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মুনিরুজ্জামান বলেন, পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল বেড়েছে। তাই ফ্লাইওভার দিয়ে যান চলাচল ও সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাফেরা নির্বিঘ্ন করতে মেয়রের নির্দেশনায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গভবন ও ফ্লাইওভারগামী ও ফ্লাইওভার থেকে গুলিস্তান চত্বর এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এই রেড জোন থেকে সকল প্রকার হকার এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন