
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমানের সনাতনী মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা নির্ভর চালু হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে জীবন ও জীবিকার পরিবর্তন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে। সেজন্য সেই আলোকে জীবনমুখী শিক্ষাক্রম প্রণয়ন করার কাজ করে যাচ্ছি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, জীবনকে নানন্দিক ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতার আলোকে শিক্ষা পদ্ধতি চালুর প্রক্রিয়ায় আছি। এই শিক্ষক্রমের হৃদয়ে আছেন বঙ্গবন্ধু। দীর্ঘ সময় নিয়ে এই শিক্ষাক্রম রূপরেখা তৈরি করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বর্তমানের ৬০ ভাগের বেশি পেশার পরিবর্তন হবে। বিশ্বায়নের যুগে তাল মেলাতে অভিজ্ঞতা ও দক্ষতা নির্ভর শিক্ষা জরুরি। সনদপ্রাপ্তির চেয়ে শিক্ষার্থীর সক্রিয়তা, জীবন ও জীবিকা নির্ভর শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। মুক্তিযুদ্ধ ও ইতিহাস চর্চার মাধ্যমে নৈতিক ও সুনাগরিক করে তুলতে হবে তাদের।