
নিউজ ডেস্কঃ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দ্বিতীয় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে ৷ রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন-রোসাটম আয়োজিত আকর্ষণীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিশ্বের দশটি দেশের ২৬ জন শৌখিন মৎস্য শিকারী। রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷গত সেপ্টেম্বর ৭ ও ৮ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ৷ টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল বিশ্বের নিউক্লিয়ার কম্যুনিটিভুক্ত দেশগুলোর জনগণের মধ্যে পারষ্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং একই সঙ্গে পরিবেশের জন্য, বিশেষ করে নিকটবর্তী জলাধারের ফ্লোরা এবং ফাওনার জন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যে নিরাপদ, তা সরেজমিনে প্রদর্শন করা। মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, রাশিয়া, আর্মেনিয়া, হাঙ্গেরি, মিশর, ভারত, কাজাখস্থান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং তুরষ্ক। এসব দেশগুলোতে রোসাটম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে বা করছে বা নির্মাণের পরিকল্পনা করছে। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলে ছিলেন দুজন মৎস্য শিকারী এবং দুজন সাংবাদিক। দুজন মৎস্য শিকারী- মো. নাসিম হাসান সুজন ও মিরাজ রহমান খান উভয়েই শৌখিন মৎস্য শিকার সংগঠন Angling in Bangladesh এর সদস্য।