
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে দিন কাটছে নগরবাসীর। এছাড়া অতি জোয়ারের ফলে দক্ষিণাঞ্চলের ১০ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, মুসলিম গোরস্থান রোড, কালিবাড়ি রোড, অক্সফোর্ড মিশন রোড ও ভাটিখানাসহ অন্তত অর্ধশতাধিক এলাকার সড়ক এখন পানির নিচে। নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম সবুজ জানান, থেমে থেমে বরিশালে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে পুরো রাস্তাঘাট তলিয়ে গেছে। বাধা পড়ছে নিত্যদিনের কাজকর্মে। অক্সফোর্ড মিশন এলাকার বাসিন্দা নাফিজ আহমেদ জানান, ‘একটু বৃষ্টি হলেই আমাদের এলাকার সব রাস্তা তলিয়ে যায়। এসব ভোগান্তির অবসান চাই। দ্রুত জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ভূমিকা নেবে আশা করছি।’ মুসলিম গোরস্থান রোড এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, ‘টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে আমরা দিশেহারা। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারিনি। রাস্তায় জলাবদ্ধতা আর সকাল থেকে বৃষ্টির কারণে রিকশা ভাড়াও বেশি। এসবের অবসান চাই।