
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া গোষ্ঠীটির সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পাবে। এমনটি জানিয়েছেন ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বুধবার (১৪ সেপ্টেম্বর) ইন্ডিয়া হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত কানেক্টিভিটি বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কানেক্টিভিটি বাড়ালে উভয় পক্ষই লাভবান হবে। এছাড়া আঞ্চলিক কানেক্টিভিটি বাড়লে এই অঞ্চলের সব দেশেরই অর্থনৈতিক অগ্রগতি হবে। এর আগে ভারতে জি২০র মূখ্য সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গণমাধ্যমকে বলেছেন, ভারত প্রথমবারের মতো জি২০র সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে। জি২০ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর জোট। জি২০তে সভাপতিত্ব আন্তর্জাতিক মঞ্চে ভারতকে তার ব্যবহারিক এজেন্ডা উপস্থাপনের সুযোগ করে দেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, জি২০ সভাপতি হিসেবে ভারত আগামী ডিসেম্বর থেকে সারা দেশে ২০০টিরও বেশি বৈঠক আয়োজন করবে। জি২০র রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পর্যায়ে সম্মেলন আগামী বছরের ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।