প্রতিমন্ত্রী নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরের টোলারবাগে নওয়াব ফয়জুন্নেসা ১০ তলা কর্মজীবী মহিলা হোস্টেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারীদের বাদ দিয়ে এদেশের উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীর উন্নয়ন ক্ষমতায়ন, সমঅধিকার, কর্মসংস্থান, সমমর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। নারীদের উন্নয়নে তিনি বিভিন্ন নীতি এবং কর্ম পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করে যাচ্ছেন, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ এবং সুদূরপ্রসারী গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে জেন্ডার সমতা যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি নারীর ক্ষমতায়নের বৈশ্বিক সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন হয়েছে। এখন বাংলাদেশের নারীরা সচিব, বিচারক, এসপি, ভিসি, ভিসি সামরিক এবং বেসামরিক বিভিন্ন পদের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীরা আজ বিমান চালাচ্ছেন, হিমালয় পর্বত জয় করছেন।