
নিউজ ডেস্কঃ পুলিশের কোনো সদস্য যদি অপরাধ করে তার দায় ডিপার্টমেন্ট নেবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নগরের দুই নম্বর গেট মোড়ের জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতোপূর্বে আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য অপরাধ-অনিয়মে জড়িয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যের কেউ কোনো অপরাধে জড়ালে তার দায়ভার তাকেই নিতে হবে। এ কাজের দায়ভার বিভাগ কখনো নেবে না। চট্টগ্রাম নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, আমার মিশন হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের সেবা নিশ্চিত করা। এসব সেবা দেওয়ার পাশাপাশি আমাদের নিয়মিত কিছু কাজ করতে হয়। এর মধ্যে বিভিন্ন মামলার নিষ্পত্তি, রাষ্ট্রের কিছু স্পেশাল কাজও করতে হয়। এক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের হটস্পট হিসেবে চিহ্নিত হাটহাজারী-সাতকানিয়া-বাঁশখালী-সীতাকুণ্ড নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলার যে গুরুত্বপূর্ণ জোন আছে, সেগুলোর ডাটা আমি সংগ্রহ করেছি। গত নির্বাচন ছাড়াও বিভিন্ন সময়ে এসব এলাকায় সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো চিহ্নিত করে এবং ভূ-রাজনৈতিক বিষয়গুলো চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণ করা হবে।