
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রাম মহানগর এলাকার প্রায় ২৮২টি পূজামণ্ডপে এবার মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড, থানা ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা যাতে কোনও ধরনের নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মণ্ডপে দায়িত্ব পালনকারী সনাতনীদের সাথে নিজ নিজ ওয়ার্ড, থানা, এমনকি ইউনিট আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহায়ক দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহবান করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে।