
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান আবারও বহিঃপ্রকাশ ঘটেছে।দলটির নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের দেশ বিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তান আমলে নাকি উনারা (বিএনপি) আরও ভালো ছিলেন- বিএনপি মহাসচিবের এ মন্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতাবিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করতে পারে না। প্রকৃতপক্ষে, তাদের এ ধরনের বক্তব্য প্রমাণ করে, মহান স্বাধীনতাকে অস্বীকার করে তারা এখনও বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন করতে চায়। বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত- তখন বিএনপি নেতারা পাকিস্তান আমলের প্রশংসা করেন!