
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের সদ্য প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিগুলো স্মরণ করে তা কে ‘মাতৃতূল্য ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনের হোটেল ক্ল্যারিজে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। প্রয়াত রাণীর স্মরণে কমনওয়েলথের পক্ষ থেকে কিছু করার পরামর্শ দিয়ে প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন নিবেদিত প্রাণ হয়ে কমনওয়েলথের জন্য কাজ করে যাওয়া রাণী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে তার জন্য কমনওয়েলথকে অবশ্যই উপযুক্ত কিছু করতে হবে। কমনওয়েলথের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য রাণীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। নতুন প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লস কমনওলেয়থকে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলেও নিজের আত্মবিশ্বাসের কথা জানান তিনি। চলতি বছরের জুনে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় সংস্থাটির মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সহিংস চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং অবদানের প্রশংসা করেন মহাসচিব।