নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ জাতীয় নেতা ও কর্মীদের ওপর গতকাল হামলা হয়েছে। এভাবেই হামলা মামলা করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না। আজকে মিথ্যা ও সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়নি, দেশের গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় মাঠে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ফরম নেওয়ার সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আওয়ামী লীগের নেতাদের মতো যেভাবে বক্তব্য দিয়েছেন, তা তিনি সরকারি চাকরিবিধি লঙ্ঘন করেছেন। যদি রাজনীতি করতে চান, তাহলে প্রজাতন্ত্রের চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন। সরকারের লুটপাট, দূর্নীতি, গুম খুন নির্যাতনে সারাদেশের মানুষ অতিষ্ঠ। এই সরকারের বিরুদ্ধে সারাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, সেখানে একজন ডিসির এধরণের বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। শুধু ডিসি নয়, সরকারী আমলারাও রাজনৈতিক ভাষায় কথা বলছেন। যেসব আমলা ও প্রজাতন্ত্রের কর্মচারী আওয়ামী লীগের নেতাদের ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগ সরকারে দোসর হয়েছেন, তাদের তালিকা করা হচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে। অতীতের নির্বাচন কমিশনদের মতো এই নির্বাচন কমিশনও এ অবৈধ সরকারের আজ্ঞাবহ। যার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের রূপরেখা অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ ও ইভিএমে নির্বাচন করার ঘোষণা করেছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন নির্বাচন হবে না। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর মুক্তির দাবি জানান তিনি।