
নিউজ ডেস্কঃ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বাসচাপায় রিকশাযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া। তিনি বলেন, বাসের চাপায় এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি টুঙ্গিপাড়া। তিনি মুন্সিগঞ্জে থাকতেন। তবে তার নাম জানা যায়নি। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন রিকশাচালক। অপরজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আকাশ দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মোড়ে বাঁক নেওয়ার সময় রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান । আহত দুইজনকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।