
নিউজ ডেস্কঃ নিহত নেতাকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মতো কর্মসূচিতেও সরকারি গুন্ডাবাহিনী দিয়ে হামলা করে বিএনপির নেতাকর্মীদের আহত করার ঘটনা স্পষ্ট করছে সরকার পুরোপুরি উন্মত্ত হয়ে গেছে। সারা দেশে বিএনপির সভা-সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে এমন বিবৃতি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রোববার (১৮ সেপ্টেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, নোয়াখালী থেকে কর্মসূচি শেষে ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির নেতা বরকতউল্লাহ বুলুর ওপরে হামলা এবং তাকে ও তার স্ত্রীকে আহত করা এক নজিরবিহীন ঘটনা। ঢাকার বনানীতে পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মতো কর্মসূচিতেও সরকারি গুন্ডাবাহিনী দিয়ে হামলা করে মোয়াজ্জেম হোসেন আলাল, তাবিথ আউয়ালসহ নেতাকর্মীদের আহত করার ঘটনা স্পষ্ট করছে সরকার পুরোপুরি উন্মত্ত হয়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশে বিএনপির সভা-সমাবেশ ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, বিভিন্ন জেলায় গণতন্ত্র মঞ্চের সভা-সমাবেশ ও শরিক বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপরে হামলা-মামলা, বিভিন্ন স্থানে বামপন্থী দলসমূহেরও কর্মসূচিতে হামলা সরকারের মরিয়া অবস্থার প্রকাশ। সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর গুন্ডাবাহিনী এবং পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে এই মরিয়া আক্রমণে কেবল হামলা-মারপিট-ভাঙচুর-লুটপাটই নয়, এমনকি কুপিয়ে ও গুলিবর্ষণ করেও হত্যা করছে।