নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের মূল ইস্যুকে আড়াল করতেই উস্কানি হিসাবে বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সশস্ত্র ধারাবাহিক হামলা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। সোমবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বাংলাদেশ ন্যাপ নেতারা বলেন, রাজনৈতিকভাবে সরকার দু্র্বল থাকার কারণেই মিয়ানমারও বাংলাদেশকে ভয় দেখানোর ধৃষ্টতা দেখাচ্ছে। সীমান্তে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তারা মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক দু’দেশের সীমান্তে ধারাবাহিক উস্কানি, মর্টার শেল নিক্ষেপ ও এতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের মূল ইস্যুটিকে আড়াল করতেই মায়ানমার সশস্ত্র উসকানি অব্যাহত রেখেছে। তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের এই অব্যাহত সামরিক উস্কানিমূলক তৎপরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশটির দখলদার সেনাবাহিনী পরিকল্পিতভাবেই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতেই এই অপতৎরতা চালাচ্ছে।
01:46 PM