
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, প্রতি পাঁচ বছর পর পর আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি গরম থাকে। তখন পুলিশের সব ইউনিট রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় ব্যস্ত থাকে। ঠিক এই সময় জঙ্গিরা মাথাচাড়া দেয়। তাই এ সময়টা (জাতীয় নির্বাচনের আগে) সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে আয়োজিত অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঞ্চনা ও ক্ষোভ থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয় উল্লেখ করে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে দেখা গেছে, আমাদের দেশের কোনো কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় না। দেশের জঙ্গিবাদ আন্তর্জাতিক কারণে মাথাচাড়া দেয়। প্রথমে আফগানযুদ্ধ, ইরাক যুদ্ধ এরপর আইএস সৃষ্টি হলে দেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা সবকিছু মোকাবিলা করেছি, দমন করেছি। তিনি বলেন, আমরা ছোটবেলা মসজিদে যাওয়ার সময় থেকে শুনে আসছি ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের খুন করা হচ্ছে, এই বঞ্চনা থেকেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। আমাদের দেশের বড় কোনো কারণে জঙ্গিবাদ সৃষ্টি হবে না। তবে এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেয়াল রাখতে হবে।