
নিউজ ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ৮৫০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৫৯ ও ২৪২৫ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৬২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৮১টির এবং অপরির্বতিত রয়েছে ১২৮টি কোম্পানির শেয়ার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, বিএসসি, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিক, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ, ইউনিক হোটেল, জেনেক্স ও আরডি ফুড।