
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, জীবন বাজি রেখে উচ্ছেদে গিয়েছি। নারায়ণগঞ্জ থানা মামলা নেয়নি। চোখের সামনে আমার কর্মী ও সাংবাদিকরা আহত হয়েছে। দেড় বছর পর হাইকোর্টের অর্ডার নিয়ে মামলা করেছি। তাতে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। নির্বাচনের সময় শর্ত ছিল মামলা উঠিয়ে নেওয়ার। কিন্তু আমি নেইনি, করবো না। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় এ কথা বলেন তিনি। মেয়র বলেন, আপনারা খেয়াল করবেন নাসিকে কি পরিমাণ হকার বসে। মীর জুমলা রোড আর নেই। এত কিছু করে যে রোড আমরা উদ্ধার করেছিলাম। আপনারা আমাকে এক রকম নাস্তানাবুদ করেছিলেন। আপনাদের সঙ্গে নিয়ে সে রোড উদ্ধার করেছিলাম। আমিতো সে রোড উদ্ধার করতে পারিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মীর জুমলা রোড টেন্ডার দিত না। পরে যখন সিটি করপোরেশন হল। সাময়িকভাবে যখন প্রশাসক ছিল তখন তারা টেন্ডার দিয়ে দিল। এখন সেখানে বাজার হয়ে গেছে৷ শায়েস্তা খান রোড তো পুরো কাঁচাবাজার। এর পেছনে কারা আপনারাও জানেন। প্রশাসনের সহায়তা ছাড়া সেখানে কেউ বসতে পারে না। নগর পরিষ্কারের দায়িত্বে সিটি করপোরেশন পুলিশ এসপি সাহেবের ম্যাজিস্ট্রেট ডিসি সাহেবের। আপনারা হাত পা বেঁধে ভোট দিয়ে আমাকে বসিয়ে দিয়েছেন।