নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে শেখ হাসিনার নেতৃত্ব স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের রোল মডেল হয়েছে। ২৩ সালের নির্বাচনে জনগণের সমর্থনে আবারও ক্ষমতায় যাব। বিএনপির নির্যাতনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ৯০ দিন অবরোধ করেছিল। ১৫০ জনকে মেরে ফেলেছিল। রেললাইন তুলে দিয়েছিল কিন্তু জনগণ তাদের প্রতিহত করেছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে না এলে ১৪ সালের পরিণতি হবে বিএনপির। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শুধু আমরা শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় আছি।