
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বিশ্ব শান্তির অগ্রদূত। বৈশ্বিক শান্তির প্রতি ছিল তাঁর অকুন্ঠ সমর্থন। তাই বিশ্ব শান্তিতে বাংলাদেশের ভূমিকা বৈশ্বিক শান্তির প্রতি বঙ্গবন্ধুর অবস্থান থেকেই অনুপ্রেরণা পায় ৷ সমাজের সবাইকেই টেকসই বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করে যেতে হবে। বুধবার (২১ সেপ্টেম্বর ) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বিশ্ব শান্তিতে বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা’ বিষয়ে এবং সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত শহীদুল হক ‘বিশ্ব শান্তি সংরক্ষণে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের ৫০ বছর’ সম্পর্কে বক্তব্য রাখেন। সেমিনারে লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন মডারেটর হিসেবে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম সহ-আয়োজক হিসেবে বক্তব্য রাখেন।