নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, করোনা অতি মহামারিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক সংকট মোকাবেলা করে জাতিকে স্বস্তি দিয়েছেন। এমনকি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মুদ্রাস্ফীতি নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্ট হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির চাকা সচল রেখেছেন। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ দুঃখের সাথি হতে তাগিদ দিয়ে যাচ্ছেন। সর্বোপরি সাধারণ মানুষের নিত্যজীবনধারা যাতে স্বাভাবিক থাকে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধকালীন বিএলএফের পূর্বাঞ্চলীয় অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী জননেতা এমএ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক রাজনীতিতে লিপ্ত রয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় বিএনপি-জামায়াতই শুধু দেশকে অস্থিতিশীল করতে চায় না, তথাকথিত সুশীল সমাজও দেশের অগ্রযাত্রা অচল করে দিতে প্রাসাদ ষড়যন্ত্রে ইন্ধন জোগাচ্ছে। আওয়ামী লীগ মাঠ দখলের রাজনীতি করি না। মানুষের মন দখল করবো। দেশের স্বার্থে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের রাজনীতি হবে মাঠ গরম করা নয়, জাতি ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখা এবং মানুষের মন জয় করা।