
নিউজ ডেস্কঃ সরকারকে রক্ষার দায়িত্ব প্রশাসনের লোকদের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ‘যারা প্রশাসনের আছেন সরকারের অংশীদার অথবা এই লুটপাটের অংশীদার অথবা কিছু পাইছেন তাদের বলব, আপনাদের চাকরি যাবে না। এখন থেকে সরকারের কোনো কাজে আপনারা যাবেন না। আপনার যেটা স্বাভাবিক দায়িত্ব সেই স্বাভাবিক কাজটা করেন।’ তিনি বলেন, সরকার রক্ষা করার দায়িত্ব প্র্রশাসনের পোশাকধারী অথবা পোশাক ছাড়া যেই হোন না কেন এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন। আপনাদের চাকরি আপনারাই করেন, আমরা কেউ ওখানে চাকরি করতে যাবো না। কিন্তু যে সরকারকে জনগণ চায় না, সেই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা কাজ করবেন, সে যেই হোক তাকে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না।’