
নিউজ ডেস্কঃ জীবনের পথে বহু যুদ্ধ লড়তে হয়; লক্ষ্যে অবিচল থেকে নিরন্তর সংগ্রাম ও অধ্যবসায়ই এই জীবনযুদ্ধে বিজয়ের মূল হাতিয়ার বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শরৎকালীন সেমিস্টারের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার্থীদের সংগ্রামী হতে উৎসাহিত করে বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট হাছান মাহমুদ বলেন, কেউ যখন তার চিন্তায় গেঁথে নেবে যে, তাকে লক্ষ্যে পৌঁছাতেই হবে, কেবল তখনই সে লক্ষ্য অর্জনে সকল প্রতিকূলতা অতিক্রম করতে সক্ষম হয়। বিশ্ববিখ্যাত শিল্পপতি এন্ড্রু কার্নেগি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। স্টিভ জবস বাল্যকালে প্রতি রোববার সন্ধ্যায় সাত মাইল হেঁটে মন্দিরে যেতেন একবেলা ভালো খাবারের জন্য।