
নিউজ ডেস্কঃ বরগুনার আমতলীতে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে অলাউদ্দিন হাওলাদার ও তার চাচাতো ভাই জলিল হাওলাদারের ছেলে হারুন হাওলাদারের সঙ্গে ৭ একর ৭৩ শতাংশ জমির মালিকানা নিয়ে ১১ বছর ধরে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস বৈঠকেও বসেও এর সমাধান করতে পারেনি। পরে এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। হারুন হাওলাদারের দাবী, তার দখলীয় জমি শুক্রবার সকালে আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলে নেওয়ার জন্য চাষ শুরু করে। তারা বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো দা রামদা এবং লাঠি সোঠা নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পরে এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।