নিউজ ডেস্কঃ নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আবুল কাশেম ভূঁইয়া। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ। গত ১৪ সেপ্টেম্বর এক ব্যাংক কর্মকর্তা ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে অভিযোগ দেখে নরসিংদী মডেল থানার ওসি বলেন, 'আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে করলেন? বেঁচে আছেন শুকরিয়া করে চলে যান। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হলে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রাইভেটকারে ঢাকায় আসার সময় যাত্রী ছদ্মবেশে থাকা চারজন ছিনতাইকারীর কবলে পড়েন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আল–মামুন। গাড়িটি নরসিংদী আসার পর তাঁর হাত–পা ও চোখ বেঁধে, গলায় ছুরি ধরে পকেটে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নেয় তারা। পরে হত্যার হুমকি দিয়ে মানিব্যাগে থাকা ব্যাংকের কার্ডের গোপন নম্বর জেনে নরসিংদীতে ডাচ্–বাংলা ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৯১ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ২০০ টাকা পকেটে দিয়ে আল–মামুনকে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট এলাকার একটি হোটেলের সামনে হাত–পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা।