
নিউজ ডেস্কঃ মোনাজাতে অংশ নেওয়াকে সামনে এনে বক্তব্য খণ্ডিত ও বিকৃত করে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মমিনুর রহমান বলেন, হাজার হাজার মানুষের ভিড়ে কে মোনাজাত ধরলো, কি গীতা পাঠ করলো, কে বাইবেল পড়লো এটা জেলা প্রশাসকের দেখার বিষয় না। জেলা প্রশাসন একটি জনমানুষের কার্যালয়। জেলা প্রশাসক কার্যালয়ে সকলের প্রবেশাধিকার রয়েছে। জেলা প্রশাসক বলেন, গত ১৫ সেপ্টেম্বর ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিভিন্ন প্রার্থীর অনেক কর্মী, সমর্থক, দলীয় নেতা এবং উৎসুক জনতায় পরিপূর্ণ ছিল জেলা প্রশাসকের কার্যালয়। এমনকি বারান্দা থেকে নীচতলা পর্যন্ত উৎসুক জনতা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একই তারিখে সকাল ১০ টা হতে সম্প্রীতি সমাবেশ, আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিমূলক বিশেষ সভা, বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের চেক বিতরণের কর্মসূচী ছিল। সম্প্রীতি সমাবেশের প্রস্তুতিমূলক সভা চলাকালীন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীরা একযোগে সম্মেলন কক্ষে প্রবেশ করেন এবং হুড়োহুড়ি করে জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।