
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাশের রাজনীতি করতে চায়। তারা লাশের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়। জনগণ তাদের এ স্বপ্ন সফল হতে দেবে না। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের উন্নয়ন চোখে দেখেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অথচ তার বাড়ি যাওয়ার পথে সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত ৬ লেন মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। যা দিয়ে এখন যানবাহন চলাচল করছে। দক্ষিণাঞ্চলে কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এ সেতু বিশ্বের কাছে আজ বিস্ময়। এছাড়া রাজধানীতে মেট্টোরেল, চট্টগ্রামে কর্ণফুলী টানেলসহ বিভিন্ন প্রকল্পের কাজ দেশে ব্যাপক উন্নয়নের নজির।