
নিউজ ডেস্কঃ কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর অস্ত্র মামলার রায় হবে রোববার (২৫ সেপ্টেম্বর)। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। এ মামলায় আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার এই প্রত্যাশা ব্যক্ত করেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বাংলানিউজকে বলেন, রোববার দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ থেকে আমরা জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর আইন অনুযায়ী সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানিয়েছি। আমরা আশা করছি আমাদের প্রত্যাশা অনুযায়ী আসামিদের সর্বোচ্চ সাজাই হবে। গত ২৮ আগস্ট এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ওইদিনই আদালত রায়ের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।