
নিউজ ডেস্কঃ পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়নসহ সাধারণ মানুষের নিরাপত্তায় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের তিনটিসহ পুলিশের বেশ কয়েকটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের থানচি উপজেলা সদরে পুলিশের ব্যবস্থাপনায় নির্মিত হাইজল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের নিরাপত্তার পাশাপাশি পুলিশের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়নে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য সংস্থার পাশাপাশি পুলিশও পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখছে। পাহাড়ের সামগ্রিক অবস্থা নিয়ে রাষ্ট্র ও সরকার অবগত রয়েছে এবং শিগগিরই পার্বত্য জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হবে। যা এ অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পাহাড়ের নিরাপত্তা জোরদার করবে। সরকার এ অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে, নেবে।