
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলে যুবলীগ পাল্টা কর্মসূচি দেওয়ায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে স্থান পরিবর্তন করে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা আড়াইটায় ধানমন্ডি হাজারীবাগ শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সমাবেশ হবে। এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাংলানিউজকে বলেন, আমরা যেকোনো জায়গায় সমাবেশ করবো। সেজন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই সমাবেশের তারিখ ৭ সেপ্টেম্বর নির্ধারিত করলেও স্থান জানানো হয় রোববার। এরপর জানা যায়, একই স্থানে যুবলীগও সমাবেশের ঘোষণা দিয়েছে। দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকার কারণে পুলিশ সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়।