
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেটসহ বিভিন্ন ভুয়া ডকুমেন্ট তৈরি করে প্রতারণার অভিযোগে ‘এডুকেশন কেয়ার’ নামে সিলেটের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আবদুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকান দূতাবাসের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে।নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। এ ছাড়া সিলেট মহানগরীর জেল রোড পয়েন্টের সিলকো টাওয়ারের ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে ‘এডুকেশন কেয়ার’ বিভিন্ন জাল কাগজ, ব্যাংক স্টেটমেন্ট, সার্টিফিকেট তৈরি করে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার শিকার শিক্ষার্থীরা ভিসার আবেদন করে সাক্ষাৎকারের জন্য গেলে বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাসের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে দূতাবাসের দুই কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘এডুকেশন কেয়ার’-এর কর্ণধার নোমানকে গ্রেফতার করা হয়।